ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে হ/-ত্যা

ভাড়ার টাকা চাওয়ায় ভ্যানচালককে হত্যা

মাদারীপুরের শিবচরে ভ্যান ভাড়ার পাওনা টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার প্রতিশোধ নিতে ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী ও আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। 


পরে মামলার এজাহারভুক্ত দুই আসামি আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে জড়িত হান্নান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।


সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ঘটনার সঙ্গে জড়িত উপজেলার শিকদার হাট এলাকার হুমায়ুন শিকদারের ছেলে মো. হান্নান শিকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়। 


তিনি বলেন, আরিয়ান আহমেদ স্বাধীন বেপারী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। মিজানের ভ্যান তারা ব্যবহার করতো। সে সুবাদে স্বাধীনের কাছে ৪৫০ টাকা পেতো ভ্যানচালক মিজান। 


বেশ কিছুদিন ধরে টাকা চেয়েও না পেয়ে স্বাধীনের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় মিজানের। মূলত টাকা না দিতে এবং এর প্রতিশোধ নিতেই ভ্যানচালককে হত্যা করে তারা।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, হান্নান পেশায় একজন ইট ভাঙা শ্রমিক এবং মাদকাসক্ত। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংসভাবে খুন করে ভ্যানচালক মিজানকে। 


ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায়। কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারে চারজন মিলে। অতঃপর আসামিদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মিজানকে। এক পর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালায় আসামি হান্নান।


সোমবার আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নিকট ঘটনায় জড়িত থাকার বিষয়ে তার দোষ স্বীকার করে বলেও জানান এএসপি আজমির হোসেন।


কুষ্টিয়ায় তরুণকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাজু হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায় নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

তার দুই ছেলের মধ্যে এক ছেলে সেভ দ্যা চিল্ড্রেনের প্রকল্প পরিচালক। আরেক ছেলে পেশায় চিকিৎসক। 

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় ঢাকা পোস্টকে বলেন, বন্দর এলাকার এক নারী আমাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান। 

পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মেঝেতে তার বাবার গলাকাটা মরদেহ পড়ে আছে। এছাড়া আলমারি থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

নবীনতর পূর্বতন