নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকগুলোতে নতুন নোট পাওয়া যাবে। তবে এবার বাজারে আসতে যাওয়া নোটগুলোতেও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নোটগুলো ছাড়বে সেগুলো নতুন করে ছাপানো হবে না। পূর্বের ছাপানো টাকাই বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের হাতে এ মুহূর্তে বিপুল পরিমাণ ছাপানো নোট রয়েছে।
তবে আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে।
এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের টোকিওতে একটি হোটেলে ইনভেস্টমেন্ট প্রমোশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, জাপান বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার।
সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সেমিনারে ‘সংস্কার-পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি ও জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো সেমিনারে বক্তব্য দেন।
অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, বিডা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং কমার্শিয়াল কাউন্সেলর টোকিও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

