TOP ALL NEWS TODAY
আজকের সেরা সংবাদ কালেকশন
বুধবার ০৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিজরি
আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে। আপনি যে হেডলাইন টি পোষ্টে দেখেছেন সেই সংবাদ টি নিচে থাকতে পারে। ধাপে ধপে সারাদিনের আলোচিত সংবাদ গুলি একই পেজে সাজানো হয়। আমাদের নিয়মিত আয়োজন আজকের বাংলাদেশ
উত্তরায় হামলার শিকার সেই দম্পতি স্বামী-স্ত্রী নন, জানালেন প্রকৃত স্ত্রী
রাজধানীর উত্তরায় এক দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী।
এদিকে হামলার শিকার ওই পুরুষ ও নারী স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন অপর এক নারী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, উত্তরাতে হামলার শিকার ওই ব্যক্তি আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে আমি চিনি না। তবে কিছুদিন ধরে বুঝেছি আমার স্বামী অন্য কারও সাথে কথা বলেন।
কারা হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওই নারী জানান, কারা হামলা করেছে সেটা আমি জানি না। যেহেতু ওখানে আমি ছিলাম না, সেহেতু ওই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার স্বামীর সাথে কারও বিরোধের কথাও জানি না। কারণ উনি (স্বামী) আমার কাছে কোনো কিছুই শেয়ার করতেন না।
ওই নারীর সাথে আপনার স্বামীর বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, ওই নারীর সাথে কোনো বিয়ের ঘটনা ঘটেনি। আমার স্বামী গোপনে ওই নারীর সাথে যোগাযোগ করতেন। তবে ওই ঘটনার পর থেকে তারা নিজের স্বামী-স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওই ঘটনা যখন আমি ফেসবুকে দেখেছি- সাথে সাথে তাকে কল দেই। কিন্তু তিনি কোনো রেসপন্স করেনি। পরে হাসাপাতালে গিয়ে তার সাথে আমার কথা হয়। উনি আমাকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী তার শ্বশুরের সঙ্গে লাউড স্পিকারে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন, আমার শ্বশুর-স্বামী সবাই আমাকে ভয় দেখাচ্ছে। আমার স্বামী আমাকে বলছে, সে সুস্থ হলে আমাকে দেখে নিবে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। এ সময় ওই নারীকে হাত জোড় করে স্বামীর প্রাণভিক্ষা চাইতে দেখা যায়।
ওই দিন রাতেই ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।
এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
তারা হলেন- মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। এর মধ্যে মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। সে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকে। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার এলাকায়।
উত্তরায় দম্পতিকে কোপানো কিশোর গ্যাংয়ের ২ সদস্য রিমান্ডে
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মোবারক হোসেন ও রবি রায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার ২ জনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দ্বীন ইসলাম তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত ২ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করেন। এরপর তাদের প্রকাশ্যে কোপায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন ভুক্তভোগী পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারী পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মাকে ধাক্কা দিয়ে ফেলে মেয়েকে অপহরণ, অতঃপর...
নোয়াখালী সদর উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন হৃদয় (২৪) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন শিক্ষার্থী। আসামি আবুল হোসেন হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। হৃদয় ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে পথরোধ করে প্রেম নিবেদন করাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী তার মাসহ কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে আসামাত্র হৃদয় ও অপর আসামিরা আগে থেকে ওতপেতে থাকা একটি কালো রঙের হাইস মাইক্রোবাস থেকে নেমে ভুক্তভোগীর মাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভুক্তভোগীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এদিকে ভিকটিমের বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের আদেশে গত ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের হয়। র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিকেলে মতিপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ও অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপহরণের শিকার ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবে এবং আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার : পুলিশ
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রওনক জাহান বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্যাংয়ের সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দম্পতির ওপর হামলার ঘটনা ঘটে। সেসময় দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কিশোর চক্রটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতিকে আঘাত করে।


