অটোরিকশায় ঝুলিয়ে পুলিশকে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক

অটোরিকশায় ঝুলিয়ে পুলিশকে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক 


গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক কিলোমিটার এলাকা চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চালককে আটকসহ অটোরিকশাটি জব্দ করেছে। ভুক্তভোগী পুলিশ সদস্য হলেন মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস।

আজ বুধবার বিকেলে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পড়া অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছে। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু অটোরিকশা চালক থামাচ্ছে না। অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে। পরবর্তীতে একটি স্থানে পৌঁছালে জ্যামে উপস্থিত স্থানীয় ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে।

আটক অটোরিকশাচালক জনি আহমেদ (২৪) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।   

পুলিশ কন্সস্টেবল কমল দাস বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। থামানোর জন্য অটোরিকশাকে সিগন্যাল দেওয়া হয়। রিকশা থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করে চালক। আমি অটোরিকশায় উঠার চেষ্টা করি, কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিকশায় ডান পাশে ঝুলে যাই। অটোরিকশা চালককে অনুরোধ করলে গতি আরও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যায়।’ 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পাশ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশাটি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

নবীনতর পূর্বতন