জেলেদের আট গরু লুট বিএনপি নেতাকর্মীর
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল ও আটটি গরু ছিনিয়ে নিয়ে যান তারা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা হয়।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বিএনপি নেতাদের জিজ্ঞেস না করে কেন গরু বিতরণ করা হলো– এ নিয়ে ঘটনার সূত্রপাত। ভবিষ্যতে বিএনপি নেতাদের মতামত ছাড়া কোনো কার্যক্রম করবেন না– এমন প্রতিশ্রুতি দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন নিজেকে রক্ষা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অসংখ্যবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি। মৎস্য অফিসের দায়িত্বশীল একজন জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিএনপির লোকজন আটটি গরু নিয়ে যায় এবং একটি তালিকা দিয়ে গেছে, পরবর্তী সময়ে যেন ওই তালিকা অনুযায়ী বিতরণ করা হয়।
সূত্র জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় আগের তালিকাভুক্ত ৮০ জেলের মধ্যে মঙ্গলবার একটি করে গরু বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি ৪৮টি গরু সুবিধাভোগীর হাতে হস্তান্তর করে অনুষ্ঠান ত্যাগ করেন। এর পরই সেখানে হাজির হন দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা কমিটির সদস্য খোকন প্যাদা, চাঁদপাশা ইউনিয়নের রুবেল সরকার, রাজগুরু এলাকার নান্টু জমাদ্দারসহ আরও অনেকে। তারা মোবাইল ফোনে যোগাযোগ করে বিএনপির আরও অনেককে এনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউকে ভিডিও না করার নিষেধাজ্ঞা দিয়ে সবার উদ্দেশে অশ্লীল ভাষায় গালাগাল করেন বিএনপির লোকজন। গোপনে ধারণ করা একটি ভিডিওচিত্র সমকালের কাছে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন জানান, তিনি গরু বিতরণ কর্মসূচি শুরু করে দিয়ে মাঠ পর্যায়ের আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে চলে যান। এর পর সাংবাদিকরা তাঁকে জানিয়েছেন, সেখানে ঝামেলা হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।