ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করেছে পুলিশ। তবে, তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার এ বিষয়ে আদেশের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
তোফাজ্জলকে মারধরের আগে ভাত খাওয়ানো হয়, জানতে চাওয়া হয়, ভাত খেতে তার কেমন লাগছে। এরপরই শুরু হয় নির্মম নির্যাতন। মৃত্যু হয় তোফাজ্জলের।
১৮ সেপ্টেম্বরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক সমালোচনা। পরের দিন শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মামলায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনক ঘোরাফেরার সময় কিছু ছাত্র তোফাজ্জলকে আটক করা হয়। হলের গেস্টরুমে নিয়ে মোবাইল চুরির অভিযোগ দিয়ে চর-থাপ্পড় ও কিলঘুষি মারা হয় তাকে। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।
তোফাজ্জলের বোন আসমা আক্তার তানিয়া বলেন, ‘আমরাতো চার্জশীটের পক্ষে আছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারাজি দিচ্ছে। তদন্ত করে যেটা জমা দিয়েছে সেটা সঠিক আছে।’
নিহত তোফাজ্জলের আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন, ‘এতো সূক্ষ্মভাবে পুলিশ তদন্ত করেছে। আমরা এই পুলিশকে ধন্যবাদ জানাই। আমরা চাই এটাকে আর বিলম্বিত না করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হোক এবং ট্রায়ালে যাক।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।