উত্তরায় স্বামী-স্ত্রীর ওপর হামলার সূত্রপাত হয় যেভাবে
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপাচ্ছেন দুই ব্যক্তি— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন— এমন নৃশংসতা আগে দেখেননি তাঁরা। পরে স্থানীয়রা ওই দুই হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগী দম্পতি রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাটি ওই দম্পতিকে ধাক্কা দেওয়ার উপক্রম হলে স্বামী স্বামী কিশোর গ্যাংয়ের একজনের জামার কালার ধরে টান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক ওই স্বামী-স্ত্রীকে রামদা দিয়ে কোপাচ্ছেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এমন নৃশংসতা আগে দেখিনি। সবার সামনেই তাঁদের কুপিয়ে আহত করা হয়েছে। তাঁদের চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে। পুলিশ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।
ভুক্তভোগীর এক স্বজন বলেন, আমার ভাই ও ভাবিকে নির্মমভাবে কুপিয়েছে ওরা। ভাবি হামলাকারীদের কাছে বারবার ক্ষমা চেয়েছেন, কিন্তু তারা একটুও দয়া দেখায়নি। এমনকি আশপাশের লোকজন যখন বাঁচাতে আসে, তখন ওরা দা উঁচিয়ে ভয় দেখায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।