মোহাম্মদপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ
ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার ওই ঘটনায় আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম, এএসআই সোহেল রানা এবং সোর্স আল আমিন। তাদের মধ্যে আল আমিন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, “বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় আসামি ধরতে গেলে নারী-পুরুষ মিলে পুলিশকে ঘেরাও করে বেধড়ক পেটায়।
রড লাঠি ছাড়াও নারীদের হাতে বটিও দেখা গেছে। পরে পুলিশসহ পাঁচজন আহত হলে তারা সেখান থেকে চলে আসে এবং হাসপাতালে নেওয়া হয়।
পরে রাতে সেখানে আরও পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা গিয়ে ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করে।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর) জুয়েল রানা বলেন, “ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।