উত্তরায় সড়কে পড়ে ছিলেন অচেতন তরুণী
রাজধানী ঢাকার উত্তরার জসিমউদ্দীন রোড এলাকা থেকে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। অচেতন থাকায় ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ওই তরুণীকে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, অচেতন ওই তরুণীকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন শাহীন আলম ওরফে বাবু নামের এক পথচারী।
তিনি প্রথম আলোকে জানান, ভোর সাড়ে চারটার দিকে উত্তরা জসিমউদ্দীন রোড-সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশের সহযোগিতায় তিনিসহ অন্য পথচারীরা প্রথমে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য ভোর সাড়ে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহীন আলম জানান, তরুণীর হাতে ও গলায় গয়না (আংটি ও চেইন) ছিল। তার সঙ্গে ছিল ১৮ হাজার টাকা। তবে তার কাছে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম বলেন, “এই তরুণী সড়ক দুর্ঘটনা বা অন্য কোনোভাবে আহত হয়েছেন কি-না, তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে উদ্ঘাটনের চেষ্টা চলছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউর রশিদ বলেন, “তরুণীর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, তার মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা লাগতে পারে।