নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ

 TOP ALL NEWS TODAY

আজকের সেরা সংবাদ কালেকশন

রবিবার ৩রা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিজরি

আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে। 
নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আজ শাহবাগে মহাসমাবেশ করেছেন। সমাবেশ শেষে তারা সচিবালয়ের দিকে রওনা হলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সাড়ে ১১টার দিকে দ্রুত নিয়োগের দাবিতে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষকদের ডাকা মহাসমাবেশ শুরু হয়।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। ওই সময় প্রেস ক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা। এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ। তারপর থেকে শিক্ষা ভবনের সামনে অনড় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

আন্দোলনকারীরা জানান, তারা টানা ১১ দিনের মতো এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তারা বলেন, তাদের যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বাধা দিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদের ওপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে ৯ ফেব্রুয়ারি পুলিশ তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে।

আবারও শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয়কেও।

ইতোমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে দুটি বিমান ভারতে এসেছে। সর্বশেষ শনিবার রাতে ১১৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠান ট্রাম্প। তবে গতবারের মতো এবারও এসব ভারতীয়কে শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না। আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল।

খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমানবোঝাই করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ধারণা করা হচ্ছিল মোদির আমেরিকা সফর করে আসার পর এবার হয়ত এমন অপমানজনক কিছু ঘটবে না। কিন্তু এবারও তাদের একইভাবে ফেরত পাঠানো হলো।

এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্নও উঠেছে ভারতের সংসদে। বিতর্কের আবহেই দুদিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ ভারতীয়দের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল সবার।

সংবাদমাধ্যমটি আরও বলছে, এটি ছিল মোদি সরকারের কূটনীতির জন্য একটি পরীক্ষা। বিরোধীদলগুলোও ছিল এ বিষয়ে সরব। এরমধ্যেই শনিবার রাত সাড়ে ১১টায় আমেরিকান সামরিক বাহিনীর একটি বিমান ভারতীয় নাগরিকদের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। তবে দুঃখের বিষয় হলো, গতবারের মতো এবারও তাদের শিকল পরিয়েই ফেরত পাঠানো হয়েছে।

বর্ধিত সভা ডাকল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভা আহ্বান করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা আয়োজন করা হবে। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।  



নবীনতর পূর্বতন