আ.লীগ নেতার কাছে জিম্মি জামায়াত নেতা

আ.লীগ নেতার কাছে জিম্মি জামায়াত নেতা

সড়ক ঘেঁষেই নিজের বাড়ির প্রধান গেট বন্ধ করে প্রতিবেশী জামায়াত নেতার বাড়ির ভেতর দিয়ে জোরপূর্বক চলাচল করছেন আওয়ামী লীগ নেতা। 

বিগত প্রায় এক দশক ধরে এভাবেই আওয়ামী লীগ নেতার কাছে জিম্মি হয়ে আছেন প্রবাসী ওই জামায়াত নেতা। বর্তমানে তার বাড়ির সংস্কার কাজেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা মাওলানা সিরাজুল ইসলাম।

গাজীপুর মহানগরের টঙ্গীর পাগাড় এলাকায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান কিরণের বাড়ির পাশে এ ঘটনা ঘটছে।

সরেজমিন দেখা গেছে, পাগাড় ইউন্ডি রোডের পাশে আমেরিকা প্রবাসী জামায়াত নেতা মাওলানা সিরাজুল ইসলামের বাড়ি। বাড়িটির পশ্চিম পাশেই গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণের এক আত্মীয়ের বাড়ি। ওই বাড়ির সামনে প্রধান রাস্তা ঘেঁষে বাড়ির গেট বন্ধ করে সেখানে দোকান করা হয়েছে। পরিবর্তে পূর্বপাশ ঘেঁষে জামায়াত নেতার বাড়ির জায়গা দিয়ে চলাচলের জন্য নতুন গেট তৈরি করা হয়েছে। এতে জামায়াত নেতার বাড়ির প্রায় সোয়া এক কাঠা জমি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আলোচিত আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান কিরণ সম্প্রতি ভারত সীমান্তে বিজিবির হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। জামায়াত নেতা বর্তমানে তার বাড়ির ওই জায়গায় নির্মাণ কাজ শুরু করলে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন লোক পাঠিয়ে কাজে বাধা দিচ্ছেন।

ভুক্তভোগী বাড়ির মালিক প্রবাসী মাওলানা সিরাজুল ইসলাম জানান, ইতোপূর্বে বিভিন্ন ভয়ভীতি ও চাপে ফেলে তার দুই আত্মীয়কেও আওয়ামী লীগ নেতা কিরণের কাছে নামমাত্র মূল্যে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছে। পরে ওই জায়গা পাশের একটি কোম্পানির কাছে কয়েকগুণ মূল্যে বিক্রি করেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ। তার বাড়িটির ওপরও লোলুপদৃষ্টি পড়ে আওয়ামী লীগ নেতা কিরণ ও তার আত্মীয়দের; কিন্তু তিনি বিদেশে অবস্থান করায় তার বাড়িটি জোরপূর্বক লিখে নিতে না পারলেও বিভিন্ন কৌশলে দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

আসাদুর রহমান কিরণ কারাগারে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আলোচিত পাশের বাড়ির মালিক আসাদুর রহমান কিরণের ভাগিনা ইমান আলী বলেন, মাওলানা সিরাজুল ইসলামের বাড়ির পশ্চিম পাশের জায়গাটুকু বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই তার বাড়ির জায়গামুখী গেট করা হয়েছিল।

নবীনতর পূর্বতন