জন্মনিবন্ধনের কোনও ‘বাবা-মা’ নেই: প্রধান উপদেষ্টা

জন্মনিবন্ধনের কোনও ‘বাবা-মা’ নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অনেক সিদ্ধান্ত ঢাকা থেকে হয়। সেটা কীভাবে জেলা পর্যায়ে বাস্তবায়ন হয় জানা যায় না। যেমন- জন্মনিবন্ধন। এটার কোনও মা-বাবা আছে বলে মনে হয় না। নিয়ম আছে কিন্তু কোনও মা-বাবা নাই।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যাওয়া দরকার, পাসপোর্ট করা লাগবে, এজন্য জন্মনিবন্ধন লাগবে। সেই আমলে কে জন্মনিবন্ধন করতো জানা নেই। কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন আসে, না দিলেও আসার কথা। এই সিস্টেম আমরা করতে পারছি না কেন, এটা তো আসলে নাগরিকদের অবশ্য প্রাপ্য। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয় ব্যবস্থা আছে। কাজেই আমাদের সে ব্যবস্থা করতে হবে। জন্মসনদ যে যেই বয়সেই চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদশে জন্ম নেওয়ার দলিল জন্মসনদ। সেটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। রাতারাতি করে ফেলার আশাও আমি করছি না। শুরু তো করতে হবে।’

তিনি বলেন, ‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে কেন? এটা তো নাগরিক অধিকার। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই কথা গ্রামে পৌঁছাতে হবে। বিনা কারণে এগুলো হয়রানি করে মানুষকে। হয়রানি করা যেন আমাদের ধর্ম। সরকার মানেই হয়রানি করা, এটাকে উল্টে ফেলতে হবে।’

এ সময় প্রাথমিক শিক্ষায় করণীয় নিয়েও জেলা প্রশাসকদের কাজ করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

‘ডলার সংকটে চাল-গ্যাস আমদানির বিল পরিশোধ করা যাচ্ছে না’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ডলার সংকটের কারণে চাল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করা যাচ্ছে না। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভায় ডায়মন্ড আমদানিতে উচ্চ শুল্কের প্রসঙ্গ তুলে তা সহজ করার দাবি জানালে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চাল বা ফুয়েল এগুলো না হলে তো দেশ চলবে না। এগুলোর বিল পর্যন্ত দিতে পারছে না বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন ব্যাংকিং সেক্টরে কী ধরনের অরাজকতা ছিল।’

আবদুর রহমান খান বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন সরকারও এই ধরনের রেস্ট্রিকশন তুলে নেবে।’ 

সভায় জুয়েলারি শিল্পের নেতারা জুয়েলারির ওপর থেকে বিদ্যমান কর ও ভ্যাট হার কমানোর প্রস্তাব দেন। একইসঙ্গে দেশব্যাপী যেসব স্বর্ণ ব্যবসায়ী ভ্যাটের আওতার বাইরে আছেন, তাদের ভ্যাটের আওতায় আনার পরামর্শ দেন। 

এ সময় এনবিআর চেয়ারম্যান জুয়েলারি আমদানির ক্ষেত্রে ব্যাগেজ রুলসে সংশোধন আনা হবে বলে জানান। সেই সঙ্গে অগ্রিম আয়কর বসানোর বিষয়েও ইঙ্গিত দেন।

বাজারে সয়াবিন তেলের সংকট, রোজার আগেই বিপাকে ক্রেতারা

‘সয়াবিন তেল কিনতে ১০ থেকে ১২টা মুদি দোকান ঘুরেছি। কিন্তু কোথাও খোলা তেল পাইনি। বোতলজাত এক লিটার সয়াবিন তেলও নেই মুদি দোকানে। বাধ্য হয়ে সুপারশপ থেকে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল কিনলাম। টাকা সীমিত থাকায় আর কিছু কিনতে পারিনি’, এভাবেই আক্ষেপের কথা বলছিলেন পুরান ঢাকার কলতাবাজারের বাসিন্দা মনি বেগম (৪২)।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছর রোজা এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। জুলাই অভ্যুত্থানের পর ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার সব সিন্ডিকেট ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু গত ছয় মাসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। প্রয়োজনীয় কোনও জিনিসপত্রের দাম এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি‌। চালের দাম বেড়েই চলেছে। এখন আবার তেলের সংকট দেখা দিয়েছে।’

শুক্রবার (১৪ জানুয়ারি) পুরান ঢাকাসহ রাজধানীর একাধিক বাজারের মুদি দোকান ঘুরে দেখা গেছে, সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্যতেল নেই। তবে সুপারশপগুলোতে কম-বেশি তেল পাওয়া যাচ্ছে।

ভোক্তাদের অভিযোগ, রমজানে বেশি দামে বিক্রির জন্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। অনেক দোকানি শুধু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের কাছে তেল বিক্রি করছেন। এক-দুই লিটারের বোতলজাত তেল দোকানিরা মজুত করেছেন অতিরিক্ত মুনাফার আশায়। এতে সয়াবিন তেলের সংকটে অনেকেই সূর্যমুখী ও রাইস ব্র্যান তেল নিয়ে বাসায় ফিরছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে সিন্ডিকেট। সেখান থেকে ডিলারের কাছে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে খুচরা বাজারে সরবরাহ কমেছে। তাই বাড়তি দামেও চাহিদামতো তেল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতারা। এমনকি সংকট দেখিয়ে অতিরিক্ত দাম নেওয়ারও অভিযোগ রয়েছে।

খুচরা বিক্রেতারা জানান, সংকট দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটার প্রতি পাঁচ থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে খোলা পাম অয়েল ১৬৫ এবং সয়াবিন তেল ১৭৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। অন্যদিকে যেসব দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়, সেসব ব্যবসায়ীরা লিটার প্রতি ১৮০-১৮৫ টাকা ধরে বিক্রি করছেন।

নয়াবাজারে তেল কিনতে এসেছেন মো. আশরাফ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘দুই লিটার সয়াবিন তেল কিনতে পুরো বাজার ঘুরেছি। অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। তাও গায়ের মূল্য থেকে পাঁচ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে।’

একই বাজারে তেল কিনতে আসা সাহেলা বেগম বলেন, ‘বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় রাইস ব্র্যান তেল কিনেছি।’

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে তেল কিনতে আসা সায়েম হোসেন বলেন, ‘বাজার করতে আসা অনেক ক্রেতা তেল কিনতে এসে খালি হাতেই ফিরছেন। এলাকার দোকানে তেমন তেল নেই। দোকানিরা রোজায় চড়া দামে বিক্রির আশায় মজুত করেছে।’ বেশ কয়েকদিন ধরেই সয়াবিন তেল নিয়ে এমন ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে জানান তিনি।

সয়াবিন তেলের দাম বাড়ার কারণ এবং সংকটের বিষয়ে জানতে চাইলে বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা বলেন, কোম্পানি থেকে আমাদের আগের মতো তেল সরবরাহ করছে না। স্বাভাবিকভাবে যেখানে একজন ডিলারের চাহিদা ১০০ কার্টন, সেখানে কোম্পানি অর্ধেক তেলও দিচ্ছে। এ কারণে বাজারে তেলের সরবরাহ কম। আর এই সুযোগে খুচরা বিক্রেতারা নির্দিষ্ট দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করছে।

সয়াবিন তেলের সংকটের বিষয়ে রাফিত মিয়াজী নামে এক পাইকারি তেলের ব্যবসায়ী বলেন, ‘বিভিন্ন কারণে ভোজ্যতেলের বাজার অস্থির। দেশে ডলার সংকট এখনও চলমান। আমদানিকারকরা আগের মতো ভোজ্যতেল আমদানি করছেন না। বিশ্ববাজারে ভোজ্যতেলের দামও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী।’

এই ব্যবসায়ী আরও বলেন, ‘দেশের ইতিহাসে পাম অয়েলের দাম এবারের মতো আর বাড়েনি। এটাই সর্বোচ্চ দাম। মূলত উৎপাদন সংকট, বায়োডিজেলে পাম অয়েল ব্যবহারের পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধিজনিত কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির বুকিং রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। এসব কারণে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল হচ্ছে না।’

নবীনতর পূর্বতন