আজকের সেরা সংবাদ কালেকশন। পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ

TOP ALL NEWS TODAY

আজকের সেরা সংবাদ কালেকশন

রবিবার ৩রা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিজরি

আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া EXCLUSIVE সংবাদগুলো একসাথে পরপর সাজানো হয়েছে।
 প্রধান শিরোনাম গুলি 
** পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ ** দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ,   ** সীমান্তে রেলসেতু সংস্কারে বিএসএফের বাধা **

** টেকনাফে ৬৯ হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ ** গরুর ধান খাওয়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০ ** জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০


 বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক গণমাধ্যম ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম থেকে সংবাদ গুলো সংগ্রহ করা   হয়। কোনো সংবাদ নকল বা গুজব প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হইবে। 

পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে



পাবনার হেমায়েতপুরে জামায়াতের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হেমায়েতপুরের কুমারগাড়ী এলাকার হেমায়েতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হেমায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ ১০ জনের নামে পাবনা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

পাবনায় জামায়াতের কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা

অভিযুক্ত ইয়াকুব আলী বলেন, এ ঘটনায় আমি মোটেও অবগত নই। যখন এ ঘটনা ঘটে তখন থানার ওসির ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিই। এর বেশি কিছু নয়।


পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, জমিজমা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একটি ঝামেলা চলে আসছিল। শনিবার রাতে দোকান ও অফিস ভাঙচুর করেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রতিবেদন করা হয়েছে। ওখানে গুলির কোনো তথ্য আমরা পাইনি।


অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ইয়াকুব আলীর নেতৃত্বে ২৫/৩০ জন পিস্তল, বন্দুক, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে কুমারগাড়ি এলাকায় জামায়াতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় একটি মুদির দোকান ভাঙচুর করে লুটপাট করা হয়। অটোরিকশার গ্যারেজও ভাঙচুর করে। পাশে থাকা একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ককটেল বিস্ফোরণ ও গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর জামায়াত নেতা আব্দুল্লাহ করিমসহ বেশ কয়েকটি স্থানীয় লোকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।


স্থানীয় জামায়াত কর্মী আব্দুল্লাহ করিম অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে ইয়াকুব আলী ও আবির হোসেনসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা দখলদারিত্ব, আধিপত্য বিস্তার, সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাস সৃষ্টি করে আসছে। এই নেতাদের নির্দেশে আধিপত্য বিস্তার ও নিজেদের শক্তি জানান দিতে আমাদের অফিসে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি করেছে। এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫


রাজবাড়ীর পাংশায় দোকান ঘর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে উপজেলার বাবুপাড়া ও কলিমহর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বেচপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী-পুরুষসহ দুপক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- কলিমহর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহান উদ্দিন, একই ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদুল খানের স্ত্রী শাহানাজ বেগম, রাখি বেগম, পলি খাতুন ও শামিম। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে জানা যায়, কলিমহর ও বাবুপাড়া ইউনিয়নের সীমান্তে বেচপাড়া বাজারে আনোয়ার মোল্লার কাছ থেকে ২ সার্টারের একটি দোকান ঘর কেনেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহান উদ্দিনের ছেলে মিলন মোল্লা। দোকান ঘরটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। ঘটনার দিন সকালে দোকান ঘরটি নিজেদের দাবি করে তালা ভাঙতে যান শহিদুল খান গং। জাহান উদ্দিন গং বাধা দিতে গেলে শহিদুল খান গং কর্তৃক হামলার শিকার হন।

এ সময় জাহান উদ্দিন ও শামিম আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে বেচপাড়া বাজারে অবস্থিত শহিদুলের মুদিখানার দোকান, তার ভাই শাহিদুল খানের ব্রয়লারের দোকান, আশিকের কসমেটিকসের দোকান ও ওহিদুলের মনোহারীর দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদুল খান বলেন, আমাদের জমির দোকানটি দখলে নিতে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহান উদ্দিন দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে শনিবার বিকেল ৫টার দিকে তার মেয়ে জামাই শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটাসহ অতর্কিত হামলা চালিয়ে আমাদের চার ভাইয়ের দোকান ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। দোকানের মালামালসহ নগদ আড়াই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে।

অভিযুক্ত শহিদুল ইসলাম বাবু বলেন, আনোয়ার মোল্লার কাছ থেকে আমার শ্যালক মিলন মোল্লা বাজারের একটি দোকান ঘর কেনেন। দোকান ঘরটি নিয়ে এর আগে ঝামেলা হওয়ায় তালাবদ্ধ করে রাখা হয়। কিন্তু শহিদুল খান ও তার ভাইয়েরা ঘরটির তালা ভেঙে তাদের দখলে নেওয়ার চেষ্টা করলে আমার শ্বশুর তাদের বাধা দেন। তারা আমার শ্বশুরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার ছোট ভাই শামীমকেও তারা মারধর করে। তবে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়টি তিনি অস্বীকার করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় উভয়পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসা না হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে রেলসেতু সংস্কারে বিএসএফের বাধা


উত্তরের জেলা দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠক হলেও তার কোনো সুরাহা হচ্ছে না। এদিকে সংস্কারকাজে বাধা দেওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে এমন কাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি এ রেললাইন ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা দেয় বিএসএফ। পরে ৬ দিনেও কোনো সমাধান মিলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।

হিলি সিপি এলাকার স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল হোসেন বলেন, আমরা স্থানীয়রা সীমান্ত এলাকায় বসবাস করি। আমাদের সীমান্তে আমরা কাজ করব বিএসএফ কেন বাধা দেয় বুঝি উঠতে পারি না। কয়েক দিন আগে এই রেললাইন ব্রিজের কাজ শুরু করলে বিএসএফের বাধায় কাজ বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন, ঘটনা সত্য। আমরা ব্রিজের সংস্কার কাজ করতে গিয়েছিলাম বিএসএফ বাধা দিয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ কিছু দিন আগে চিঠি দিয়ে আমাদের জানায় তারা ধরন্দা রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু করবে। সে অনুয়ায়ী গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। কিন্তু ওই বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এমনটি হয়েছে। যারা নতুন এসেছে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। দ্রুত কাজ শুরু হবে। বিষয়টি নিয়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

টেকনাফে ৬৯ হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটক ২


কক্সবাজার টেকনাফে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বিজিবি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়ারা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৯টি হাত বোমা ও ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ১ কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার ও ১টি প্লাসসহ দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক হওয়া আসামিদের জব্দ হওয়া বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বাড়ির মালিকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি বিএনপি নেতারা 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্না সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মন্ডল হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি মামুন হত্যার শিকার হয়েছেন। আমরা এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক বিচার দাবি করছি। 

তিনি বলেন, এ ঘটনায় নিরপরাধ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, ছাত্রদল উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, বিএনপি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়াকে আসামি করা হয়েছে। তার দাবি, এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, আপনারা সবাই অবগত আছেন, এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিবি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের দেখা গেছে। কিন্তু প্রতিহিংসার কারণে বিএনপির কয়েকজন নিরপরাধ নেতাকর্মীকে জড়ানো হয়েছে। তাদেরকে এ ঘটনার দায় থেকে মুক্তি দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, রফিকুল ইসলাম বাবলু, সদস্য নুর আলম মন্ডল প্রমুখ। 

গরুর ধান খাওয়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০


গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে আস্তমা ও কামরুপদলং গ্রামের বাসিন্দারা। রোববার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে সাড়ে ৯টা পর্যন্ত। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের আহত হয়েছে অন্তত ৫০ জন।

  • স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকালে আস্তমা গ্রামের আলগা বাড়ির (আলাদা বাড়ি) কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি হয়। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার সকালে গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
  • সংঘর্ষে আস্তমা গ্রামের আহতরা হলেন- আক্তার হোসেন, দুলাল মিয়া, জুয়েল মিয়া, শামসুজ্জামান, নাছির আলী, আবদুল জলিল, খাইরুল আমীন, এমরান হোসেন, সাদিক মিয়া, নুরুজ্জামান ও সৌরভ হোসেন । এদের মধ্যে  আক্তার হোসেন ও দুলাল মিয়া গুরুতর আহত হওয়ায় তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
  • অন্যদিকে, কামরুপদলং গ্রামের আহতরা হলেন- বাতির আলী, সুন্দর আলী, সুজন মিয়া, কালাই মিয়া , মতিউর রহমান, শওকত আলী, নবী হোসেন ও শাফি আহমেদ। এ গ্রামের আহত আরও কয়েকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত বাতির আলী, সুন্দর আলী ও সুজন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • আস্তমা গ্রামের আঙ্গুর মিয়া বলেন, ‘গরু অবুজ প্রাণী। গরুকে কেউ বলে দেয় না যে কারো জমিতে গিয়ে ধান খেয়ে আয়। কিন্তু গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বজলু মিয়া ও তার পরিবারের লোকজনকে সুরুজ মিয়াকে মারধর করে। এতে আমাদের গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় কামরুপদলং গ্রামের পক্ষ থেকে বেশ কয়েকজন এসেছিলেন ঘটনাটি মীমাংসা করেতে। আমরা তাদের আশ্বস্ত করেছিলাম, গ্রামবাসীর সঙ্গে কথা বলে মীমাংসা হবে। কিন্তু রোববার সকালে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
  • কামরুপদলং গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে শনিবারে একটি হাতাহাতির ঘটনা ঘটেছিল। আমরা চেয়েছিলাম বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে শেষ করে দিতে। কিন্তু আস্তমা গ্রামবাসী বিচার না মেনে সকালে মাইকে ঘোষণা দিয়ে আমাদের গ্রামের দিকে আক্রমণ করতে আসে। পরে আর কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকেনি।’
  • শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ইটপাটকেল ছোড়াছুঁড়ির পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। 

শুক্রবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মাঠে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। 

গুলিবিদ্ধ ও হামলায় আহতরা হলেন- ইমন মিয়া, সোহাগ, দুকু মিয়া, গফ্ফার মিয়া, মাহফুজ মিয়া, রুমান, আলাই মিয়া, আব্দুর রউফ ও সাদিকু্ল রহমান। তাদেরকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে উভয় গ্রামের কয়েকজন লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে উভয় গ্রামের লোকজন লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে অন্তত ৪০ জন আহত হন।  গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে চটলেন বিতর্কিত লেখিকা-

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ। তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’

তসলিমা এরপর লেখেন, ‘এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

মূলত রোজার ছিপছিপে গড়নের দিকে ইঙ্গিত করেই ‘আপত্তিকর’ ভাষায় এই পোস্ট করেছেন তসলিমা। পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন। পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের সে সম্পর্কের ইতি ঘটে।


নবীনতর পূর্বতন