পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সেনা সদস্যের

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সেনা সদস্যের

রাজবাড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুল ব্যাপারী (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার আলাদিপুর নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ব্যাপারী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একজন সৈনিক ছিলেন।

জানা গেছে, আজীজুল ব্যাপারী দেড় মাসের বাৎসরিক ছুটিতে বাড়িতে এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে তিনি বন্ধুর সঙ্গে গোয়ালন্দে ঘুরতে যাওয়ার পথে আলাদিপুর নতুন রাস্তা এলাকায় আসলে হঠাৎ একজন পথচারী মোটরসাইকেলের সামনে এসে পড়ে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ওই সেনা সদস্যের মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ওই সেনা সদস্যের বন্ধু ও পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ বলেন, নিহত সেনা সদস্য পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মো. আব্দুল হান্নান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে এর মধ্যে পথিমধ্যে আজিজুল ব্যাপারী মারা যান। সম্ভবত হেড ইনজুরি অথবা অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

সব্যসাচী স্টলে হামলা: প্রধান উপদেষ্টা ও ২০৫ নাগরিকের নিন্দা


কুমিল্লায় পরকীয়া প্রেমিকার ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার


কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে (২৬) আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় টিপু সুলতান নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। অভিযুক্ত রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান বলেন, আমার ভাই টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি হিসেবে কাজ করতো। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। সর্বশেষ শনিবার রাত ১০টার দিকে চাচাতো বোন আখির সঙ্গে ফোনে কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

এ বিষয়ে এসআই দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায় তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নবীনতর পূর্বতন