বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত

গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন ৪৫৯ জন। কিন্তু ভোট পড়েছে ৪৮৫টি। এতে শুরু হয় সমালোচনা। ভোট প্রশ্নবিদ্ধ হওয়ায় ফল স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার।
আব্দুল আউয়াল আরজু বলেন, ‘ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। এমন অসংগতি থাকায় ফল স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মণ্ডল। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।
দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল।
সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটগ্রহণ শেষে গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। পরে ভোটের এমন অসংগতি দেখা দেওয়ায় কাউন্সিলের ফল স্থগিত করা হয়।
৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার
রাজধানীতে আসন্ন রমজান মাসে ন্যায্য দাবে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।
ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রয় করা হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।
সমকামী ইমাম মুহসিনকে গুলি করে হত্যা
বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় শনিবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তিনি সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন।
আরও বলা হয়েছে, হেনড্রিকস নিজের গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িচালক খেয়াল করেন, পেছনের আসনে বসে থাকা মুহসিন হেনড্রিকস নিহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশ নিশ্চিত করেছে, এটি টার্গেট কিলিং। তবে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পাশাপাশি তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ইস্টার্ন কেপ পুলিশ।